কক্সবাজারে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক
বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সৌজন্য সাক্ষাত ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমস্থ বিজিবির বিওপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির কক্সবাজারস্থ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, বৈঠকে উভয় দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং ইয়াবাসহ মাদক পাচারকারীদের তৎপরতা বন্ধে কার্যক্রম গ্রহণ করার ব্যাপারে আলোচনা হয়েছে।
এছাড়া এসব বিষয় কার্যকর করতে পারস্পরিক আস্থা অর্জন এবং সীমান্ত সমস্যা দূরীকরণের জন্য নিয়মিতভাবে সেক্টর ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ আয়োজনের ব্যাপারে একমত পোষণ করা হয় বলে জানান তিনি।
বৈঠকে বিজিবির পক্ষে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান নেতৃত্বে কক্সবাজার, রামু, নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ ব্যাটালিয়নের ১৪ জন এবং বিজিপির পক্ষে কর্নেল মিউ সুইসহ নয় জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
