রাস্তা ছেড়ে দোকানে কভার্ডভ্যান, পল্লীচিকিৎসক নিহত
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধের দোকানে ঢুকে পড়া কভার্ডভ্যানের চাপায় এক পল্লীচিকিৎসক নিহত হয়েছেন।
নিহত চিকিৎসক জয়নাল সরদার (৩৫) দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মণ্ডল পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এক নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কে এই ঘটনা ঘটে বলে দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকতার হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা থেকে যশোরগামী ওষুধবাহী কভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাটে নেমে কিছদূর এগোনোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
“নিয়ন্ত্রণহীন ভ্যানটি রাস্তার পাশের ওই দোকানে ঢুকে ভেতরে ঘুমিয়ে থাকা চিকিৎসক জয়নালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, সকালে জেলা প্রশাসকের অনুমতিতে পরিবারের সদস্যরা চিকিৎসক জয়নালের লাশ নিয়ে যান।
কভার্ডভ্যানের চালক হাসান আলীকে আটক এবং গোয়ালন্দ থানায় মামলা করা হয়েছে।
