রাজধানীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
তার নাম মো. নূর হোসেন (২২)।
নিহতের বাবা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর হোসেন লালমাটিয়ায় একজনের গাড়ি চালাত। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁও স্টাফ কলেজ কোয়ার্টারে ফেরার পথে পশ্চিম রাজাবাজার ঢালিবাড়ি নামক স্থানে দুর্বৃত্তরা তাকে ছুরি মারে।
হাসপাতাল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, স্বজনরা তাকে সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে নূর হোসেন মারা যান।
দুই বোন এক ভাইয়ের মধ্যে ছোট ছিল নূর হোসেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জে।
