শাহমখদুম থেকে উড়ল ‘মেঘদূত’
আট বছর বন্ধ থাকার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকা যাত্রা করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘মেঘদূত’।
মঙ্গলবার বিকালে এ যাত্রার উদ্বোধন করেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
এর আগে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি এই বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সর্বশেষ ফ্লাইট যাত্রী নিয়ে অবতরণ করেছিল।
শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, মেঘদূত বিমানটি ৪৬ জন যাত্রী নিয়ে মঙ্গলবার বিকাল ৫টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
প্রতি শুক্র, রবি ও মঙ্গলবার বিকাল তিনটা ২৫ মিনিটে রাজশাহী থেকে এই বিমান ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকাল চারটা ১০ মিনিটে। প্রতিটি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৭০০ টাকা।
সেতাফুর রহমান আরও জানান, ১৯৮৪ থেকে রাজশাহীতে ২০০৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা-রাজশাহী রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল করেছে।
যাত্রী স্বল্পতার কারণে এই রুটে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বেশ কয়েকটি বেসরকারি বিমান এই রুটে চলাচল করেছে। তবে, গত তিন মাস আগে ইউনাইটেড এয়ারওয়েজের বিমানও বন্ধ হয়ে যায়।
