চট্টগ্রামে প্রথম দিনে প্রচারে নেই মনজুর-নাছির
আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও প্রথম দিনে রাজপথে নামেননি চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে প্রধান দুই দল সমর্থিত প্রার্থীরা।
মঙ্গলবার বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মনজুর আলমের পক্ষে জনসংযোগ করেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বিদায়ী মেয়র মনজুর শুক্রবারের আগে নিজে ভোটের প্রচারে নামছেন না বলে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বুধবার সকালে বাবার কবর এবং আমানত শাহের মাজার জিয়ারত করে নাছিরের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রতীক বরাদ্দ ১০ এপ্রিল হলেও তার আগেই প্রচার চালানোয় সায় দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার বিকালে নগরীর হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় গণসংযোগ করেন সাবেক মন্ত্রী নোমান। গত পাঁচ বছরের নগর উন্নয়নে ব্যর্থতার জন্য তিনি সরকারের দিকেই অভিযোগের আঙুল তোলেন।
এক পথসভায় নোমান বলেন, “মনজুর আলম বিএনপি সমর্থিত হওয়ায় গত পাঁচ বছর আওয়ামী লীগ সরকার সিসিসিকে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। জলাবদ্ধতা নিরসনে ২৯৭ কোটি টাকার যে প্রকল্প দুই বছর আগে একনেকে পাস হয়েছে চট্টগ্রামের মন্ত্রীদের বিরোধিতার কারণে সেই প্রকল্পে অর্থ ছাড় হয়নি।”
নোমান হালিশহর নয়াবাজার, বি-ব্লক, চুনা ফ্যাক্টরি এলাকায় গণসংযোগ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনজুর আলমের ছেলে সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর দাদা-দাদীর কবর জিয়ারত শেষে প্রচারণা শুরু করবেন তার বাবা। ওই দিন তিনি ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন।
বুধ ও বৃহস্পতিবার মনজুর নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাসায় নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করবেন বলেও তার ছেলে জানান।
এদিকে সিটি নির্বাচন নিয়ে আলোচনা করতে নগর আওয়ামী লীগ মঙ্গলবার রাতে বর্ধিত সভায় বসে।
নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা শেষে রাত নয়টায় সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আ জ ম নাছিরের মিডিয়া কমিটির সদস্য মিজানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টা এক মিনিটে প্রধান নির্বাচনী ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বুধবার সকালে বাবার কবর ও আমানত শাহের মাজার জিয়ারত শেষে প্রচারণা শুরু হবে।”
আ জ ম নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার আমরা প্রচারণার কোনো কর্মসূচি রাখিনি। বুধবার সকাল থেকেই আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।”
এদিকে নগরীর ৪১টি ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বেশ কয়েকজন প্রার্থী ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া শুরু করেছেন।
