চট্টগ্রামে মেয়র প্রার্থীদের প্রচারে সর্বোচ্চ ১৪ মাইক
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা তাদের প্রচারে নগরে ১৪টির বেশি মাইক ব্যবহার করতে পারবেন না।
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে, প্রত্যেক মেয়র প্রার্থী একটি প্রধান ক্যাম্পসহ মোট সাতটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন।
এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রচারে প্রত্যেকে একটি করে ক্যাম্প স্থাপন ও মাইক ব্যবহার করতে পারবেন।
প্রতীক বরাদ্দ না হলেও সোমবার থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা।
চট্টগ্রাম সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নগরে পুলিশী থানা ষোলটি হলেও নির্বাচন কমিশনের হিসেবে প্রশাসনিক থানা ছয়টি।
সেই হিসেবে একজন মেয়র প্রার্থী প্রধান নির্বাচনী ক্যাম্প বা কার্যালয়সহ মোট সাতটি ক্যাম্প করতে পারবে বলে জানান তিনি। আর কাউন্সিলর প্রার্থীরা প্রত্যেকে একটি করে ক্যাম্প করতে পারবেন।
থানাগুলো হল- কোতয়ালী, বন্দর, চান্দগাঁও, ডবলমুরিং, বন্দর ও পাহাড়তলী।
বিধি অনুসারে, নির্বাচনী ক্যাম্পে কোনো পানীয় বা খাবার পরিবেশন করা যাবে না।
হিসেব অনুযায়ী, প্রত্যেক মেয়র প্রার্থী নগরীর ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে একটি হিসেবে মোট ১৪টি মাইক প্রচারের জন্য ব্যবহার করতে পারবেন। মাইকে প্রচারণার সময় প্রচারকারীদের সাথে রিটার্নিং অফিসারের অনুমতিপত্র রাখতে হবে।
প্রতিদিন প্রার্থীরা বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মাইকে প্রচারণা চালাতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, “আমরা প্রচারণার সময় নিবার্চনী আচরণবিধি মানা হচ্ছে কি না সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখব।
আগামী ২৮ এপ্রিল ঢাকার দুটির সাথে চট্টগ্রামেও সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে আওয়ামী লীগসমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির ও বিএনপিসমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমসহ ১২ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
এছাড়া ৪১টি সাধারণ ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ড মিলে মোট ৩২৫ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
সোমবার থেকে প্রচারণা শুরু হলেও আগামী ৯ এপ্রিল পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
