ভালোবাসায় সিক্ত নড়াইল এক্সপ্রেস
নড়াইলের মানুষ ভালোবাসায় বরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস নামে খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে।
মঙ্গলবার নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থা তাদের এ কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়।
জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সর্বসাধারণ তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন সংবর্ধনাস্থলে।
বেলা ৪টার দিকে হেলিকপ্টারে সরকারি ভিক্টোরিয়া কলেজের কুডিরডোপ মাঠে নামেন মাশরাফি।
এরপর হাতি-ঘোড়া-গরুর গাড়ির সঙ্গে মোটরসাইকেল আর গাড়ির বহর বাদ্যের তালে তালে মাশরাফিকে নিয়ে আসে তার বাড়ির পাশের প্রিয় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে।
এই তিন কিলোমিটার পথ যেতে তাদের সময় লেগেছে প্রায় আধঘণ্টা।
এ সময় হাজার হাজার ভক্ত সড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। তারা নেচে গেয়ে রং মেখে সং সেজে বরণ করেন প্রিয় খেলোয়াড়কে।
নিজ বাড়ির কাছে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে আগে থেকেই অপেক্ষা করছিলেন হাজারো ভক্ত-শুভাকাঙ্ক্ষী।
সেখানে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল গাফফার খান।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাশরাফির হাতে ক্রেস্ট, ফুল ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, মা হামিদা বেগম বলাকা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু উপস্থিত ছিলেন।
আলোচনার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে আগত জেলার পানতিতা গ্রামের সুজিৎ কুমার সিকদার বলেন, “মাশরাফি কেবলমাত্র নড়াইলেই গর্ব নন, তিনি দেশের গর্ব। তার এই অনুষ্ঠানে থাকতে পেরে আমিও গর্বিত।”
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, “আমরা তার আরও সাফল্য কামনা করছি।”
