২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে ৪ দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয় পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চার দেশের অনাবাসিক দূতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 07:43 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

মঙ্গলবার বিকেলে চিলির রাষ্ট্রদূত আন্দ্রেজ অগুস্ত বারবে গনজালেজ, কলম্বিয়ার মনিকা লেনজেত্তা মাতিস, জর্জিয়ার লেভান নিজহারাদজে ও গায়ানার হাইকমিশনার জয়রাম রোনাল্ড গজরাজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পৃথকভাবে নিজেদের পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, নতুন রাষ্ট্রদূত এবং হাই কমিশনাররা বাণিজ্য, বিনিয়োগ, কৃষি এবং পর্যটন খাতসহ দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।”

এসময় নতুন রাষ্ট্রদূতদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন রাষ্ট্রপতি।

দূতরা বাংলাদেশের সঙ্গে তাদের দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবেন বলেও রাষ্ট্রপতিকে জানিয়েছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।

নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে ‘গার্ড অব অনার’ দেয়।