২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলালকে নিয়ে উৎসব তার গ্রামে

লিবিয়ায় অপহরণের খবর শুনে হেলাল উদ্দিনকে চিরতরে হারানোর আশঙ্কায় ছিল তার পরিবারের সদস্যরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

কিন্তু তাকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় এখন পরিবারের সঙ্গে আনন্দবন্যায় শামিল গ্রামবাসীও।

আইএস জঙ্গিদের হাতে অপহৃত হেলাল বলেছেন, মুসলিম ও বাংলাদেশি পরিচয় শোনার পর তাকে এবং অন্য বাংলাদেশি আনোয়ার হোসেনকে ছেড়ে দেওয়া হয়।

১৫ দিন জঙ্গিদের হাতে বন্দি থাকার পর মুক্ত হয়ে সোমবার ঢাকায় বিমানবন্দরে নেমে সরাসরি জামালপুরে মাদারগঞ্জের বাড়িতে ফিরে আসেন হেলাল।   

নৃশংসভাবে হত্যাকাণ্ডের জন্য যারা ইতোমধ্যে সমালোচিত, তাদের কবল থেকে ফিরে আসতে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ গজারিয়া গ্রামের হেলাল ছয় বছর আগে কাজ নিয়ে লিবিয়ায় গিয়েছিলেন। গত বছর দুই মাসের ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি।

আইএস জঙ্গিরা গত ৯ মার্চ লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার পাশাপাশি কয়েকজন বিদেশি শ্রমিককে অপহরণ করে, তার মধ্যে হেলাল ও আনোয়ার ছিলেন।

হেলাল তার বাড়িতে সাংবাদিকদের বলেন, “৯ মার্চ বেলা ২টায় মুখোশধারী জঙ্গিরা আমাকে অপহরণ করে। ওই সময় আতঙ্কে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারা আমাদের একটি বিল্ডিংয়ে আটকে রাখে।”

বন্দি অবস্থায় ছাতুর মতো এক ধরনের খাবার খেতে দেওয়া হত বলে জানান তিনি।

ছেড়ে দিল কেন- প্রশ্ন করা হলে হেলাল বলেন, মুসলিম ও বাংলাদেশি পরিচয় পাওয়ার পর জঙ্গিরা তাদের দুজনকে ছেড়ে দেয়।

“মুসলিম শুনি খুশি হল। আর বাংলাদেশি শুনে তারা আরও খুশি হল। বলল, সিটিতে (শহর) নিয়ে তোদের ছেড়ে দেব।”

২৩ মার্চ জঙ্গিরা ছেড়ে দেওয়ার পর ২৪ মার্চ ঢাকায় পরিবারের কাছে টেলিফোন করেন হেলাল, যাতে আশ্বস্ত হয় স্বজনরা।

মুক্ত হেলাল ও আনোয়ারকে পরে লিবীয় সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপর মাল্টা ও দুবাই হয়ে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন দুজন।

জঙ্গিদের হাতে আটক থাকাবস্থায় থাকা ও খাওয়ার কষ্ট হয়েছে বলে জানান হেলাল। মুক্ত হয়ে ফিরে আসার জন্য সরকার, দূতাবাস ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

হেলালকে নিয়ে এখন পরিবারের চলছে আনন্দ উৎসব। সেই সঙ্গে গ্রামবাসীও উৎফুল্ল তাদের ছেলেকে ফেরত পেয়ে। হেলালকে দেখতে অন্য গ্রামের মানুষও আসছেন তার বাড়িতে।

পুরনো খবর:

পরিবারকে ‘ফোন করেছেন’ লিবিয়ায় জিম্মি হেলাল
স্বস্তি ফিরেছে হেলাল ও আনোয়ারের পরিবারে
লিবিয়া থেকে ফিরেছেন হেলাল