২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারের রাস্তা সারাতে ১৫ দিন সময়

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ওই এলাকার সড়কগুলোর সংস্কার ও জলাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্টদের ১৫ দিন সময় বেঁধে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 06:39 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুরনো খবর:

জনদুর্ভোগ ‘পাত্তা পায় না’ পরিকল্পনায়
মগবাজার সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার: মন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি বৈঠকে তিনি সংশ্লিষ্টদের বলেন,  “আমি আপনাদের ১৫ দিন সময় দিলাম। ঠিক ১৫দিন পর আগামী ২২ এপ্রিল আমি যাব। এর মধ্যে দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।”

ফ্লাইওভার প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাজমুল আলমকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মগবাজার-মালিবাগ–মৌচাক-শান্তিনগর এলাকায় দুর্ভোগ এখন কঠিন ও ভয়াবহ। একেবারেই অসহনীয়। যানজট যেন না হয় সে ব্যবস্থা আপনি করবেন।”

১৫ দিনের মধ্যে ওই এলাকার রাস্তা-ঘাট সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বলে মন্ত্রীকে আশ্বাস দেন প্রকল্প পরিচালক।

সভায় উপস্থিত প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাদের বলেন, “আপনাদের ফ্যামিলি যখন ওই এলাকা দিয়ে যাতায়াত করে খারাপ লাগে না? ভোগান্তি চোখে পড়ে না?”

ফ্লাইওভার নির্মাণের দায়িত্বে যারা আছেন, তাদের কাজে ‘সমন্বয়ের অভাবেই’ এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে ওবায়দুল কাদের মনে করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কর্মকর্তাদের তিনি প্রশ্ন করেন, “বৃষ্টি তো প্রতিদিনই হয়, তাই বলে কি দুর্ভোগ কমবে না?”

ক্ষোভের সঙ্গে তিনি বলেন, “আমার দুর্ভাগ্য; সবাই মনে করে রাস্তা আমার। কাল রাত ২টায় ফোন করেছে লোকজন- ‘আপনি এটা দেখেন না, এতো কাজ করেন... পদ্মা সেতু-মেট্রোরেল দিয়ে কি হবে... আমরা রাস্তায় চলতে পারি না’- এসব কথা বলে আমাকে। এটা যে আমার না আমি কি করে বোঝাব। এটা কি সারা দেশে মাইক লাগিয়ে বোঝাব?”

৭৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ২৫ কিলোমিটার দৈর্ঘ্য এই ফ্লাইওভার নির্মাণের তত্ত্বাবধানে আছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্মাণ কাজের উদ্বোধন করেন। চলতি বছর ডিসেম্বরে মধ্যে এর কাজ শেষ করার কথা রয়েছে।

ফ্লাইওভার ও ডাইভার্সন সড়কের কাজ দেখতে মঙ্গলবার বেলা ১২টায় মগবাজারে যাওয়ার কথা ছিল মন্ত্রী কাদেরের। কিন্তু ওই কর্মসূচি বাতিল করে বৈঠকে বসেন তিনি।

‘মগবাজার ফ্লাইওভারের চলমান নির্মাণ কাজের সময়ে উদ্ভূত যানজট পরিস্থিতি নিয়ে জরুরি সভা’ শিরোনামে এই বৈঠকে সড়ক বিভাগ, ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।