যশোরে বাস্তুহারা লীগ নেতা খুন
যশোর শহরে প্রকাশ্যে গুলি করে বাস্তুহারা লীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মৃধা জানান, মঙ্গলবার বিকালে শহরের রবীন্দ্রনাথ সড়কে এ হামলায় নিহত হন মঞ্জুর রশিদ (৪৫)।
তিনি বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং যশোর সদরের ফতেপুর ইউনিয়নের হামিদপুরের বাসিন্দা ছিলেন।
এসআই মিজানুর রহমান জানান, একটি অটোরিকশায় আরও কয়েকজনসহ শহর থেকে বাড়ি ফিরছিলেন মঞ্জুর।
বেলা পৌনে ৪টার দিকে শহরের রবীন্দ্রনাথ সড়কে পৌঁছলে কয়েকজন লোক অটোরিকশার গতিরোধ করে মঞ্জুর রশিদের মাথায় একটি গুলি করে চলে যায়।
যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডা. হুসাইন শাফায়াত জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হামিদপুরের হাশেম আলী জানান, তারা আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের মধ্যে তিনজন ছিল মোটরসাইকেলে। বাকিরা রাস্তার পাশে অবস্থান করছিল।
তাদের মধ্য থেকে ৩/৪ জন অটোরিকশার গতিরোধ করে গুলি চালায়।
এ সময় দুর্বৃত্তরা আহাদ আলী নামে নিহত মঞ্জুরের এক সহযোগীকে গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া করে। তিনি (আহাদ) অপর একটি ইজিবাইকে উঠে দ্রুত পালিয়ে যান বলে জানান তিনি।
যশোর বাস্তুহারা লীগের সভাপতি শেখ ইউনুস আলী নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
