২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক থানার রিমান্ডের আসামিকে অন্য থানায় নিয়ে নির্যাতন

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ওসিকে না জানিয়ে রিমান্ডের এক আসামিকে উত্তরা পূর্ব থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 03:46 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

ঘটনার পর পশ্চিম থানার পুলিশের করা সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, উত্তরা জোনের ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের’ নির্দেশে ওই আসামিকে পূর্ব থানায় নেওয়া হয়।

পরে ‘অসুস্থ’ অবস্থায় ফেরত পেয়ে পশ্চিম থানার তত্ত্বাবধানেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় সিফাত আহমেদ রাব্বি নামের ২৬ বছর বয়সী ওই যুবককে।

একটি হত্যাচেষ্টা মামলায় ‘সন্দেহভাজন’ হিসাবে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানা পুলিশ রাব্বিকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল।   

আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষ রাব্বির স্বাস্থ্য পরীক্ষা করে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে মারধরের কারণে ‘পা ফোলা’ থাকার কথা বলা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম এবং রাব্বির বাবা ফিরোজ আহমেদ বলেছেন, রিমান্ডে নেওয়ার আগেও এই তরুণ সুস্থ ছিলেন।

ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান সরদারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন ঢাকার মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান ও উত্তরা জোনের সহকারী কমিশনার সাঈদ ফেরদৌস রানা তদন্ত কমিটি গঠনের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। 

ঘটনার সূত্রপাত

গত ৩ মার্চ রাত সাড়ে ১০টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘ক্যাফে ড্রিফট’ নামের একটি পুল ক্লাবের সামনে গুলিবিদ্ধ হন মো. সোবাহান খান নামের এক যুবক, যিনি ওই ক্লাবটি ভাড়া নিয়ে চালান।

পরদিন উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন সোবাহান।পুলিশ সন্দেহভাজন আসামি হিসাবে একই এলাকার ফিরোজ আহমেদের ছেলে সিফাত আহমেদ রাব্বিকে (২৬) ৫ মার্চ গ্রেপ্তার করে।

সোবাহান খান বলছেন, ক্লাবটি যাতে তিনি ভাড়া না নিতে পারেন সেজন্য রাব্বি ‘বিভিন্নভাবে হুমকি’ দিতেন। একদিন ‘পিস্তল নিয়েও’ তিনি ক্লাবে এসেছিলেন।

আগের মালিকের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় রাব্বি প্রায়ই ক্লাবে খেলতে যেতেন এবং এজন্য কোনো টাকা দিতেন না বলে সোবাহানের দাবি।

তবে গুলির ঘটনার দিন বা তার আগের দিন রাব্বিকে ক্লাবে দেখেননি বলে নিশ্চিত করেছেন তিনি।

“স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, যারা আমাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে গেছে, তারা উত্তরা এলাকারই বাসিন্দা। এটি আমি পুলিশকে জানিয়েছি। কিন্তু গত ২২ দিনেও তদন্তে কোনো অগ্রগতি দেখিনি।”

তদন্ত কর্মকর্তা পরিদর্শক মঈনুল ইসলাম জানান, সোমবার মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘নির্যাতন’

রাব্বিকে ২৬ মার্চ থেকে দুই দিনের রিমান্ডে পায় উত্তরা পশ্চিম থানা। পরদিন সন্ধ্যার পর থানার ওসি রফিকুল ইসলামের অনুপস্থিতে রাব্বিকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় সহকারী কমিশনার সাঈদ ফেরদৌস রানার কাছে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম।

প্রায় ঘণ্টাখানেক পর অসুস্থ অবস্থায় রাব্বিকে পশ্চিম থানায় ফিরিয়ে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হওয়ায় রাতেই উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা বেগতকি দেখে ওই রাতেই পরিদর্শক মঈনুল একটি জিডি করেন, যেখানে তিনি বলেন, উত্তরা জোনের ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে’ রাব্বিকে পূর্ব থানায় নেওয়া হয়েছিল।

পরদিন ঘটনা জানতে পেরে ওসি রফিকুল ইসলাম আরেকটি জিডি করেন। তাতে তিনি বলেন, “২৭ মার্চ আমার অনুপস্থিতিতে থানার তদন্ত কর্মকর্তা মঈনুল ইসলাম ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশে রিমান্ডে থাকা আসামি সিফাত আহমেদ রাব্বিকে উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় নিয়ে যায়। এরপর আসামি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হয়।”

অবশ্য পুরো বিষয়টি তদন্তাধীন থাকায় ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এরপর পরিবারের কাছ থেকে নির্যাতনের অভিযোগ পেয়ে আদালত ৩০ মার্চ রাব্বির স্বাস্থ্য পরীক্ষা করে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে বলে।

এই প্রেক্ষিতে ১ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আদালতে একটি প্রতিবেদন দেন, যাতে কারা হাসপাতালে রাব্বির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘ফিজিক্যাল অ্যাসল্টের’ কারণে রাব্বির পা ফোলা ছিল। কারা হাসপাতালে রাব্বিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই দিনের রিমান্ডে নেওয়ার সময় রাব্বি সুস্থ ছিলেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম। রাব্বির বাবা ফিরোজ আহমেদও একই দাবি করেছেন।

তিনি বলেন, “আমার ছেলেকে রিমান্ডে নেওয়ার সময় সে শারীরিকভাবে সুস্থ ছিল। তবে দুই দিনের রিমান্ড শেষে আদালতে সে আমাকে জানিয়েছে উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় নিয়ে তাকে রুল দিয়ে আঘাত করেছেন পুলিশের এক কর্মকর্তা।”

কয়েক দিন আগে কারাগারে গেলে রাব্বি ক্র্যাচে ভর দিয়ে তার সঙ্গে দেখা করেন বলেও জানান তার বাবা।

পুলিশ যা বলছে

উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় যেখানে রাব্বিকে নির্যাতন করা হয় বলে অভিযোগ, সেখানে সহকারী কমিশনার সাঈদ ফেরদৌস রানার কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার তার সঙ্গে তদন্ত কমিটির কথা হবে। এরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার ওসির করা জিডির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন উত্তরা জোনের উপ-কমিশনার মো. ইকবাল।

তাহলে কোন অভিযোগের তদন্ত করতে কমিটি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি নিয়ে পুরোপুরি জানি না।”