২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জলসা থেকে হামলায় ৭ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি ইসলামী জলসা থেকে পুলিশের ওপর হামলায় দুই এসআইসহ সাতজন আহত হয়েছেন।  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2015, 12:49 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

ভোলাহাট থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে উপজেলার তিলোকি গ্রামে একটি আম বাগানে ওই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়।

হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেক নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের দলীয় পরিচয় জানা না গেলেও এলাকার জামায়াত সমর্থিত লোকজন ওই জলসার আয়োজন করে বলে স্থানীয়রা জানান।     

ওসি বলেন, “জলসা থেকে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। রাত পৌনে ১টার দিকে পুলিশ সেখানে গেলে জলসার লোকজন পুলিশের ওপর হামলা করে।”

পরে বাড়তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।

আহত এসআই আব্দুল মজিদ, এসআই শিশির কুমার, এএসআই শুকুর আলী এবং চার কনস্টেবলকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ‘অজ্ঞাতপরিচয়’ আসামিদের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা করেছে পুলিশ।