নাটোরে কৃষককে গুলি করে হত্যা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক কৃষককে গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১টার দিকে বাহিমালি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান।
নিহত মোতালেব হোসেন (৫০) একই গ্রামের বাসিন্দা। তার পেটে ও বুকে গুলির চিহ্ন রয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে খাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় ১টার দিকে কয়েকজন ঘরের দরজায় ধাক্কা দেয় এবং আমার স্বামীকে বাইরে যেতে বলে। এ সময় দরজা খুলে বাইরে গেলে তারা ওকে পরপর দুইবার গুলি করে মোটর সাইকেলে করে পালিয়ে যায়।”
শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে মোতালেবকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।
