২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা: ২য় দিনে বহিষ্কার ৯৬, অনুপস্থিত ৯৬৫৩

এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন সারা দেশে ৯৬ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে, অনুপস্থিত ছিল ৯ হাজার ৬৫৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

অবরোধের মধ্যে অনুষ্ঠিত এইচএসসির প্রথম দুই দিনের পরীক্ষায় এ পর্যন্ত ১২২ পরীক্ষার্থী বহিষ্কার একং ১৯ হাজার ৮৪৯ জন অনুপস্থিত রইলো।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

সোমবার এইচএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র এবং বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের (ডিআইবিএস) পরীক্ষা হয়েছে।

আর কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় দ্বাদশ শ্রেণিতে ইংরেজি-২ ও একাদশ শ্রেণিতে ইংরেজি-১; ডিপ্লোমা ইন কমার্সে দ্বাদশ শ্রেণিতে ইংরেজি-২ ও একাদশ শ্রেণিতে ইংরেজি-১ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলীমে ইংরেজি ও ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয়েছে।

দ্বিতীয় দিনে নকলের দায়ে কারিগরি বোর্ডে ৬৫ জন এবং মাদ্রাসা বোর্ডে ১৬ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এছাড়া ঢাকা ও সিলেট বোর্ডে ৩ জন করে, কুমিল্লায় ৭ জন এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে ১ জন করে শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এদিন ঢাকা বোর্ডে ২ হাজার ৮২ জন, রাজশাহীতে ১ হাজার ১৮৯ জন, কুমিল্লায় ৯৩৪ জন, যশোরে ১ হাজার ১৩৭ জন, চট্টগ্রামে ৮২১ জন, সিলেটে ৫১৫ জন, রবিশালে ৪২৭ জন এবং দিনাজপুর বোর্ডে ৮৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা বোর্ডে ৪৯৪ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ১৭২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।