মুন্সীগঞ্জে ট্রলার দুর্ঘটনা: নিখোঁজ ফয়েজের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ার ভাসানচরের কাছে মেঘনায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী ফয়েজের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গজারিয়া থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পাঁচদিন পর সোমবার দুপুরে চৌদ্দ কাউনিয়া এলাকার কাছে মেঘনা নদীতে ভাসমান লাশটি পাওয়া যায়।
নিহত মো. ফয়েজ (১৬) গজারিয়ার ফরাজিকান্দি চরবাউশিয়া এলাকার আব্দুস সালামের ছেলে। স্থানীয় একটি স্কুল থেকে চলতি বছর শেষ হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
এ নিয়ে বুধবার রাতের এ দুর্ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হলো।
ফয়েজের লাশ উদ্ধার করে মেঘনার তীরেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সদস্য হাবিবুর।
ফয়েজের বাবা আব্দুস সালাম বলেন, “এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ল্যাংটার মেলায় যাওয়ার পথে ওই দুর্ঘটনার কবলে পড়ে ফয়েজ। দুর্ঘটনার সময় তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেছিল।”
বুধবার রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে ‘মা-বাবার দোয়া’ নামের একটি বাল্কহেডের সঙ্গে অন্তত ৭৫ আরোহী বহনকারী ট্রলারের সংঘর্ষ হয়। এরপর বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হন।
দুর্ঘটনার পর রাতেই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারে নামে। শুক্রবার পর্যন্ত এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়ার পর চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পরিচয় পাওয়া যায়নি বালুবাহী বাল্কহেডের মাথায় গেঁথে যাওয়া ব্যক্তির, দুর্ঘটনার পরপরই যার লাশ উদ্ধার করা হয়েছিল।
গজারিয়ার এসআই হাবিবুর রহমান জানান, লাশটির নাম পরিচয় শনাক্ত না হওয়ায় ছবি তুলে রেখে অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হওয়া আরেকটি লাশ বেশি পচে যাওয়ায় এই দুর্ঘটনার নয় বলে নিশ্চিত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছিল পুলিশ।
