কুষ্টিয়ায় ঝড়ে ২ নারী নিহত
কুষ্টিয়ায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধাসহ দুই নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতের এ ঝড়ে সদর উপজেলায় ভেঙে পড়া ঘর চাপা পড়ে একজন ও আতংকিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সৈয়দ।
এরা হলেন উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা দক্ষিণপাড়ার নিছারুন নেছা (৫০) এবং আফজালপুর দর্গাপাড়া গ্রামের রাহেলা আক্তার (৭০)।
এছাড়া ঝড়ে সদর ও মিরপুর উপজেলার ১০টি ইউনিয়নের সহস্রাধিক ঘরবাড়ি ভেঙ্গে গেছে এবং ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, “ঝড়ে ঘর চাপা পড়ে নিছারুন এবং ঝড়ের প্রকোপে আতংকিত হয়ে রাহেলা মারা গেছেন বলে আমরা জেনেছি।”
এদিকে ঝড়ের পরে প্রায় আধা ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে মিরপুর উপজেলার আমবাড়িয়া ও কুর্শা ইউনিয়ন, সদরের পাটিকবাড়ি, আইলচারা, উজানগ্রাম, ঝাউদিয়া, কুমারালীর চাঁদপুরসহ আরও কয়েকটি ইউনিয়নে শতাধিক বাড়িঘরের টিনের চাল দুমড়ে-মুচড়ে গেছে। নষ্ট হয়েছে সহস্রাধিক হেক্টর জমির ফসলও।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান জানান, কুর্শা, আমবাড়িয়া, ছাতিয়ান, সদরপুর, আমলা ও পোড়াদহ ইউনিয়নে শিলাবৃষ্টিতে প্রায় দুই হাজার ঘরের টিন নষ্ট হয়ে গেছে। ধান, ভুট্টা ও সবজিসহ কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, গতরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এবং শিলাবৃষ্টিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের জন্য সরেজমিনে তদন্ত চলছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য করা হবে।
