ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ডাকাতি, আটক ৪
চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনে ডাকাতির পর লুটের মালসহ রেল পুলিশের হাতে ধরা পড়েছে চারজন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, সোমবার গভীর রাতে ওয়ান-আপ মেইল ট্রেনের একটি বগিতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ট্রেনটি আখাউড়া স্টেশনে থামলে চার ডাকাতকে আটক করা হয় বলে জানান তিনি।
আটকরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার হাফিজুল ব্যাপারীর ছেলে বেলায়েত হোসেন (২৬), সোহরাব ব্যাপারীর ছেলে আনোয়ার হোসেন (২৭), মোকসেদ কাজীর ছেলে বেলায়েত হোসেন (২৩) ও আমিন হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫)।
যাত্রীদের বরাত দিয়ে ওসি জানান, ট্রেনটি রাত ৩টার দিকে কুমিল্লা স্টেশন ছাড়ার পর যাত্রীবেশী ডাকাতরা পেছন দিকের একটি বগিতে অস্ত্রের মুখে যাত্রীদের হাত-পা বেঁধে ফেলে এবং লুটপাট চালায়।
ট্রেনে ডাকাতির খবর পেয়ে রেল পুলিশের সদস্যরা আখাউড়া স্টেশনে অবস্থান নেন। ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি ওই স্টেশনে পৌঁছালে চার ডাকাতকে মালামালসহ আটক করা হয় বলে জানান ওসি।
