বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৫০) ও তার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক (২০)।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের তারাবাগে এই ঘটনা ঘটে বলে খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আনোয়ার হোসেনের টিনশেড বাড়িতে কয়েকটি ঘর রয়েছে। উঠানে বাঁশের খুঁটি বসিয়ে বিদ্যুতের তার টানা হয়েছে সব কক্ষে।
“ভোররাতে ঝড়ের পর একটি কক্ষ থেকে ‘আগুন, আগুন’ চিৎকার শুনে আনোয়ার ও রাজ্জাক ঘর থেকে বেরিয়ে উঠানে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন।
বৃষ্টিভেজা উঠানে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকায় তারা বিদ্যুতায়িত হন বলে জানান ওসি।
পরে বাড়ির অন্য ভাড়াটিয়ারা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
