২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণভিক্ষা: সিদ্ধান্ত জানতে দেখা করবেন আইনজীবীরা

রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না সে সিদ্ধান্ত তার সঙ্গে আলোচনা করে নেওয়া হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2015, 10:35 AM

Updated : 22 Aug 2022, 12:03 PM

তার অন্যতম আইনজীবী শিশির মনির বলেছেন, “ক্ষমা চাওয়ার বিধান সব সময়ই ছিল, সংবিধানেও আছে। তবে কামারুজ্জামান সেই সুযোগ নেবেন কি নেবেন না- সেই সিদ্ধান্ত এখনো হয়নি। উনার সঙ্গে পরামর্শ ছাড়া বলতে পারছি না।”

যুদ্ধাপরাধে ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) যে আবেদন কামারুজ্জামান করেছিলেন, সোমবার তা খারিজ করে দেয় প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

রায়ের পর শিশির মনির সাংবাদিকদের বলেন, “আমরা আজই উনার সঙ্গে দেখা করার উদ্যোগ নেব। কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করব। তার সঙ্গে পরামর্শ করে দিক নির্দেশনা বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা জামায়াতের নিয়েই পরবর্তী পদক্ষেপ নেব।” 

সাংবাদিকরা এ সময় বলেন- পরবর্তী পদক্ষেপ তো ক্ষমা ভিক্ষা।

জবাবে শিশির মনির বলেন, “জি। আগেই জানিয়েছিলাম উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না।

উনি আমাদের ইনফরম করেছিলেন, রিভিউ পিটিশন নিষ্পত্তি করার পর উনি সিদ্ধান্ত নেবেন।”

এই আইনজীবী বলেন, “যেহেতু আমরা আজকেই দেখা করার উদ্যোগ নিচ্ছি, আমরা আশা করি আজ আলোচনার পর এ ব্যাপারটিতে সিদ্ধান্তে পৌঁছাতে পারব।”

শিশির মনির বলেন, তারা সোমবারই দেখা করার জন্য অনুমতি চাইবেন। কারা কর্তৃপক্ষ যদি মনে করে তাহলে মঙ্গলবার সকালেও দেখা করতে পারেন।

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়। গতবছর ৩ নভেম্বর আপিল বিভাগের রায়েও ওই দণ্ড বহাল থাকে।

এর আগে আপিল বিভাগে আসা যুদ্ধাপরাধের প্রথম মামলায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার রিভিউ খারিজ হয়ে গেলে ২০১৩ সালের ১২ ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।