লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় যুবদলের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে তার বাড়ির পাশে গুলি করে হত্যা করেছে একদল ‘মুখোশধারী দুর্বৃত্ত’।
নিহত সাদ্দাম হোসেন (২৫) দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন বলে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কিরণ পাটওয়ারী জানান।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার জানান, রোববার রাত ৮টার দিকে সদরের বিজয়নগরে কোঠাবাড়ি এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হামছাদী গ্রামের ভূইঁয়া বাড়ির আমানত উল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি কাউছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাদ্দাম তার বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় অন্তত ১৫ জন অস্ত্রধারী এসে তার দিকে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সাদ্দামের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরে ১৪টি গুলির চিহ্ন রয়েছে বলে এএসপি কাউছার জানান।
