২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় অগ্নিকাণ্ড, উৎপাদন বন্ধ

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিজস্ব বৈদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাব-স্টেশনে আগুন লাগার পর উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:06 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সন্ধ্যায় আগুন লাগার পর বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন বন্ধ হওয়ায় কারখানার সব ইউনিট (মাস্টার ট্রিপ) একযোগে বন্ধ হয়ে যায়।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

কারখানার প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। পুনরায় উৎপাদনে যেতে ১/২ দিন সময় লাগতে পারে বলে জানান কর্মকর্তারা।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. ওমর খৈয়াম বলেন, কারখানার নিজস্ব ২৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিটে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। কিন্ত সন্ধ্যায় বজ্রপাতে সাব স্টেশনের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।

তাৎক্ষণিকভাবে নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার কারখানার সবকটি প্লান্ট একযোগে বন্ধ হয়ে যায়।

তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

ওমর খৈয়াম বলেন, কারখানার নিজস্ব প্রকৌশলীরা ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছেন। তবে কর্তৃপক্ষ আশা করছে রাতের মধ্যে সাব-স্টেশন মেরামতের কাজ শেষে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হবে। তবে উৎপাদনে আসতে ২/১ দিন সময় লাগতে পারে।