‘জাঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন দরকার’
তরুণ সমাজকে জঙ্গিবাদের বিস্তারের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ এম এম আকাশ।
শনিবার ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করনে অধ্যাপক আনিসুজ্জামান উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, কবি সৈয়দ শামসুল হক, সাংবাদিক আবেদ খান এবং সারওয়ার আলী ।
আবেদ খান বলেন, বাংলাদেশে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত আট জন অনলাইন অ্যাক্টিভিস্ট মারা গেছেন, মুক্ত চিন্তার মানুষকে মারা হচ্ছে কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী কিছুই করতে পারছে না।
সৈয়দ শামসুল হক একটি বিদেশি পত্রিকার বরাত দিয়ে বলেন, বাংলাদেশে যারা ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে কলম ধরবে, তাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র ।
তিনি বিএনপিকে জামাতের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়ে বলেন, “জামাতি জঙ্গি তৎপরতার দ্রুত সম্প্রসারিত হচ্ছে, হতে হতে অচিরেই এমন একটি পর্যায়ে চলে যাওয়ার সব লক্ষণ দেখা যাচ্ছে যে তখন ডান-বাম-মধ্য বলে আলাদা কিছু থাকবে না, সব শরীর থেকে রক্ত ঝরবে ।”
এম এম আকাশ বলেন বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, তাই কখোনও তারা গণজাগরণ মঞ্চকে সমর্থন দেয় কখোনওবা হেফাজতকে দেয়। সেদিন দেখলাম ইউনাইটেড ইসলাম পার্টি হয়েছে সেখানে কয়েকজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন ।”
রামেন্দু মজুমদার বলেন, “দেশে এখন পাকিস্তান আমলের তুলনায় ১০ গুণ বেশি সাম্প্রদায়িকতা বেড়েছে। কেউ জঙ্গিবাদ নিয়ে ঘাটতে চায় না, কারণ ভোটের ব্যাপার থাকে ।”
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “এখন বাংলাদেশের মূল শত্রু সাম্প্রদায়িকতা নয়, জঙ্গিবাদ ।”
তিনি বলেন, “দেশে গণতন্ত্রের মূল বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়নি। সরকার বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দেয় না। বিরোধী দল জনগণকে তাদের কাজ করার স্বাধীনতা দেয় না ।”
