মগবাজারে বাসচাপায় নির্মাণ শ্রমিক ২ সহোদর নিহত
রাজধানীর মগবাজারে বাসচাপায় ফ্লাইওভার নির্মাণে নিয়োজিত শ্রমিক দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।
শনিবার সকালে মগবাজার মোড় থেকে মহাখালীর দিকে কয়েক গজ এগিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- মাজেদুল ইসলাম (২১) ও আসাদুল ইসলাম (১৯)। আহত মঞ্জুর হোসেনের (২৫) অবস্থাও গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনজনের বাড়িই বগুড়ায়।
গুলিস্তান-গাজীপুর রুটে চলাচলকারী প্রভাতী পরিবহনের বাসটি সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের চাপা দেন বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মগবাজার মোড় পেরিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ফ্লাইওভারে নির্মাণ কাজে নিয়োজিত তিন শ্রমিককে বাসটি চাপা দেয় “
আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মাজেদ ও আসাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ কর্মকর্তা শিবলী নোমান বলেন, বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
