২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না: ইমরান

জনগণের সেবক হয়েও পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র  ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 11:26 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরে সামনে প্রজন্ম চত্বরে এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি ।

এর পরে সন্ধ্যায় শাহবাগ থেকে অভিজিৎ রায় ও ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মশাল মিছিল বের হয়। মিছিলটি টিএসসি ঘুরে আবার শাহবাগের আসে।

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর এবং অভিজিৎ রায় ও ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করে।

প্রতি শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগে এই গণঅবস্থান কর্মসূচি পালন করে আসছিল তারা।

মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, “অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় আশেপাশে পুলিশ থাকলেও তারা কেউ এগিয়ে আসেননি এবং হত্যাকাণ্ডের পর খুনীদের গ্রেফতারে দায়িত্বশীলতার ভূমিকা পালন করছে না।

“বাবুর হত্যাকারীদের ধরেছিল তৃতীয় লিঙ্গরে মানুষ। অপরদিকে অভিজিৎ হত্যা পুলিশ ও প্রশাসনের সামনে ঘটে গেলেও তারা হত্যাকারীদের ধরতে ব্যর্থ হয়। এর থেকে প্রমাণ হয় পুলিশ তাদের দায়িত্ব থেকে কতটা দূরে সরে আছে।’’

তিনি বলেন, পুলিশ জনগণের টাকায় চলে আবার জনগণ বিভিন্ন দাবি-দাওয়া আদায় করতে গেলে পুলিশ তাদেরকেই বিনা কারণে লাঠিচাজ করে।

‍“এই অবস্থা দেখে মনে হয়, পুলিশকে জনগণের টাকায় বেতন দিয়ে রাখা হয়েছে খুনীদের গ্রেপ্তারের জন্য নয়, বরং প্রগতিশীল আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য।”

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘আদালত বিচারের রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও সরকার নানা অজুহাতে সেই বিচারের রায় কার্যকরে কালক্ষেপণ করছে।’’