প্রতিবন্ধকতা থামাতে পারেনি রতনকে
দুহাতের আঙুল হারিয়েও লেখাপড়া চালিয়ে যাওয়া এক তরুণ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) কেন্দ্রের এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন রতন মধু।
মধুর স্বজনরা জানান, ২০১২ সালের ৬ মার্চ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাতের সামনের অংশ নষ্ট হয়ে যায় তার।
ওই অবস্থাতেই উপজেলার শুয়াগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ২.৮১ পেয়ে পাশ করেন।
এরপর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখায়।
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, রতন মধুর শারীরিক সমস্যা থাকা সত্বেও পরীক্ষার জন্য কোনো রাইটার নিয়োগ করতে রাজি হয়নি।
হাতের সামনের অংশ দিয়ে লিখে সে পরীক্ষা দিচ্ছে। রতন আরও উচ্চশিক্ষা অর্জন করতে চায় বলে জানান অধ্যাপক কার্তিক।
“আমরা আশা করছি তার এইচএসসি পরীক্ষার ফল ভালো হবে। আমাদের সকলের উচিত তাকে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করা।”
রতন মধুর রয়েছে আরও দুই ভাই ও দুই বোন। তার বাবা নিখিল চন্দ্র মধু অন্যর জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালান।
রতনের বাবা নিখিল মধু ছেলেকে উচ্চশিক্ষিত করতে সবার সহায়তা কামনা করেন।
