মাদারীপুরে ইউপি সদস্যের পা কেটে নেওয়ার অভিযোগ
আধিপত্য বিস্তারের চেষ্টায় মাদারীপুর সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষের সময় এক ইউনিয়ন পরিষদ সদস্যের পা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় এ সংঘর্ষ হয়। শুক্রবার দুপুর পর্যন্ত কেটে নেওয়া পায়ের অংশটুকু পুলিশ উদ্ধার করতে পারেনি বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান।
তিনি বলেন, সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার শিকার দুলাল মাতুব্বর কেন্দুয়া ইউনিয়ন পরিষদ সদস্য। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোর্শেদ জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটকচর এলাকায় স্থানীয় জয়নাল এবং ইউপি সদস্য দুলাল মাতব্বর ও তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষরা দুলাল মাতুব্বরের একটি পা কেটে নিয়ে যায়।
“পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কেটে ফেলা পায়ের অংশটুকু খুঁজে পাওয়া যায়নি।”
এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জিয়াউল মোর্শেদ জানান।
