সন্দ্বীপ চ্যানেলে দুর্ঘটনায় লাইটার জাহাজ
চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে আংশিক ডুবে গেছে ভুট্টাবোঝাই একটি লাইটার জাহাজ।
শুক্রবার সকালে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে।
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। সবাই নিরাপদে তীরে উঠে এসেছেন।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে ‘সালমান-সেলিম’ নামে ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ভুট্টাবোঝাই ‘মারমেক-২’ নামে ওই জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ‘মারমেক-২’ আংশিক ডুবে যায়।
গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে বন্দরে পণ্য আনা নেওয়ার কাজ করে ছোট আকারের এসব লাইটার জাহাজ। বন্দর থেকে পণ্য নিয়ে নদীপথে বিভিন্ন স্থানে পৌঁছানোর কাজেও এ ধরনের নৌযান ব্যবহার হয়।
মারমেক-২ চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার টন ভুট্টা নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানান।
