চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকা থেকে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরীফুল হক ওরফে নাইক্যা কাজনকে (৫০)।
তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও ডাকাতিসহ বাকলিয়া ও চান্দগাঁও থানায় মোট ১১টি মামলা আছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকলিয়া থানার সন্ত্রাসীর তালিকায় দুই নম্বর ক্রমিকে শরীফুলের নাম।
বাকলিয়া ও চান্দগাঁও এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে শরীফুল জড়িত বলে দাবি করেন ওসি।
এদিকে নাশকতার অভিযোগে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান।
তিনি জানান, সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এবং একজন বিএনপির কর্মী বলে জানান পুলিশ কর্মকর্তা নাইম।
