২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি: বেঞ্চ পরিবর্তনে প্রধান বিচারপতির কাছে খালেদার আবেদন

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন হাই কোর্টের যে বেঞ্চে বিচারাধীন, তা বদলে দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 06:13 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে আগামী ৫ এপ্রিল খালেদার মামলা বাতিলের আবেদনের রায় হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে বেঞ্চ পরিবর্তনের আবেদন জমা দেন। 

বাদল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত পরিবর্তনের জন্য আমাদের করা আবেদন প্রধান বিচারপতি নিষ্পত্তির জন্য গ্রহণ করেছেন।”

সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবাধয়ক সরকারের সময় এই মামলা করা হয়।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা হওয়ার পর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

২০০৮ সালের ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেওয়া হয়।

হাই কোর্টের ওই আদেশ আপিলেও তা বহাল থাকায় আটকে যায় খনি দুর্নীতি মামলা।

সাত বছর পর চলতি বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়।

গত ৩ ও ৫ মার্চ  বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে চূড়ান্ত শুনানির পর আদালত রায়ের জন্য ১০ মার্চ দিন রাখে। পরে তা পিছিয়ে রায়ের জন্য ৫ এপ্রিল নতুন তারিখ রাখা হয়।

এরমধ্যে ৮ মার্চ খালেদার পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন আদালতে গিয়ে শুনানির সুযোগ চাইলে আদালত রায়ের দিন পিছিয়ে এর মধ্যে শুনানি করতে বলে।

খালেদার আইনজীবীরা এরপর ১১ মার্চ বেঞ্চ পরিবর্তনের জন্য হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। বৃহস্পতিবার ওই আবেদনটিই তারা প্রধান বিচারপতির কাছে দেন। 

এ মামলা বাতিলে অপর দুই আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুটি আবেদন করেছিলেন, যা আগেই খারিজ হয়ে গেছে।

জরুরি অবস্থার সময়ে খালেদার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাও সম্প্রতি সচল করার উদ্যোগ নিয়েছে দুদক।