২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানায় নজরদারি বাড়ানোর সুপারিশ

সরকারি অনুদান পাওয়া (ক্যাপিটেশন গ্রান্ট) বেসরকারি এতিমখানাগুলোতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

এতিমখানার শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে অনুদান বাতিলের সুপারিশও এসেছে কমিটির কাছ থেকে।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য লুৎফা তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক সময় দেখা যায়, নানারকম যে কিলিং হয়, ব্লগারদের কিলিং হয়, সেগুলো রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। মাদ্রাসার ছাত্রদের ধর্মের অপব্যবহার করে মোটিভেট করা হয়। তাদেরকে ওই সব কাজে নিয়োগ করা হয়। মাদ্রাসার ছাত্র বা শিবির কর্মী অনেক সময় ধরাও পড়েছে।

“মাদ্রাসার বা এতিম খানায় যে শিক্ষা দেওয়া হয় সেখানে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। যেখানে গ্রান্ট দেওয়া হয় সেখানে যেন নজরদারিটা করা হয়, কি অ্যাকটিভিটিজ চলছে।”

নিবন্ধিত বেসরকারি এতিমখানাগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি অনুদান পেয়ে থাকে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে এতিমখানার শিশুদের পাঠানো হলে সেসব প্রতিষ্ঠানের ক্যাপিটেশন গ্র্যান্ট বাতিল করার সুপারিশ করে।

এছাড়া বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান কমিটিতে স্থানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে গাজীপুরের কোনাবাড়ীতে দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের অংশ নেন।