যুদ্ধাপরাধী সুবহানকে ঢাকায় স্থানান্তর
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুস সুবহানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার তাকে ঢাকায় পাঠানো হয় বলে নিশ্চিত করেন কাশিমপুর কারাগার-১-এর জেলার ফরিদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, আবদুস সুবহান বুকে ব্যথাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেন।
তাদের পরামর্শে বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।
মাত্র ১৫ দিন আগে সুবহানকে ঢাকার কারাগার থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয় বলে জানান জেলার ফরিদুর।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. ফরমান আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে সুবহানকে ঢাকায় আনা হয়।
রাত সাড়ে ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় বলে জানান তিনি।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুস সুবহানের প্রাণদণ্ডের রায় দেয়।
প্রসিকিউশনের আনা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে সুবহানের দণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।
