১৫ দিনের সফর শেষে ফিরেছেন স্পিকার
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে নারী দিবস ও কমনওয়েলথ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, সংসদ সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্টরা বিমানবন্দরে শিরীন শারমিনকে স্বাগত জানান।
গত ৭ মার্চ যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন স্পিকার। সেখান থেকে যুক্তরাষ্ট্র যান তিনি।
শিরীন শারমিন যুক্তরাজ্যে ‘কমনওয়েলথ দিবস’ ও ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। ‘কমনওয়েলথ দিবস’ উপলক্ষে মার্লবরো হাউজ ও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠানে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র সফরের সময় স্পিকার নিউ ইয়র্কে কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও আফ্রিকান ইউনিয়ন আয়োজিত নারীর রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক সংলাপে অংশ নেন।
