২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুই বিএনপিকর্মী আটক

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে পিস্তল ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বাহিনীর কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 12:00 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

আটকরা হলেন- শাহ জামাল ওরফে বোমা দিলীপ ও তাজুল ইসলাম রনি।

সোমবার ভোরে খুলশীর ঝাউতলা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি ২৮ ব্যাটেলিয়নের উপ-পরিচালক মেজর তানভীর মাহমুদ জানান।

আটক দুজনের কাছে দুটি দেশি পিস্তল, ১০টি গুলি ও একটি চাপাতি পাওয়া গেছে বলে জানান তিনি।

তানভীর বলেন, “আটক দুজনই স্থানীয় বিএনপিকর্মী। এদের মধ্যে শাহ জামালের বিরুদ্ধে হত্যা ও নাশকতার তিনটি এবং তাজুলের বিরুদ্ধে দুটি মামলা আছে।”

এদিকে হরতাল-অবরোধের মধ্যে নাশকতায় জড়িত থাকার অভিযোগে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান।

সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।