২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্কুলছাত্র হত্যাকাণ্ডে ‘সোর্স’ গেদার স্বীকারোক্তি

সিলেটে অপহরণের পর স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিমের আদালতে এ জবানবন্দি নেওয়া হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আজিম পাটওয়ারী।

এর আগে ১৫ মার্চ এ মামলায় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মহানগর পুলিশের বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান এবং পরদিন জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক পরিচয়দানকারী আবদুর রকিব দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গত ১৬ মার্চ পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয় পুলিশ।

১৯ মার্চ দ্বিতীয় দফায় আরও তিন দিনের হেফাজতের পর রোববার আদালতের কাছে তিনি সাঈদ হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিলেন।

গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টায় স্কুল থেকে ফেরার পথে শাহ মীর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহরণের শিকার হয়। এর পর থেকে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।

এরপর এ ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করলে তারা সাঈদকে খুনের কথা স্বীকার করেন।

তাদের স্বীকারোক্তি মতে ১৪ মার্চ রাত পৌনে ১২ টায় নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার সবুজ-৩৭ নম্বর বাসা থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।