চাঁদপুরে মেঘনায় ৩২ জেলে আটক
নিষিদ্ধ জাটকা নিধন রোধে চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করা হয়েছে।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা জাটকা নিধন বিরোধী টাস্কফোর্সের এই অভিযানে মৎস্য অফিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
ওসি বলেন, আটকদের মধ্যে ২৫ জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অপরাধে আটক করা হয়েছে।
"আর বাকি সাত জেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমান্যের পাশাপাশি নদীতে জাটকা শিকারে বাধা দেওয়ায় হামলা চালিয়ে আওয়ামী লীগের স্থানীয় ১০ নেতাকর্মীকে আহত করার অভিযোগ রয়েছে। শনিবার রাতে মেঘনা নদীর চরভৈরবী এলাকায় এ ঘটনা ঘটে। "
আটক সব জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান।
