নেত্রকোণায় কলেজছাত্র খুন
নেত্রকোণা শহরে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত রুবেল খান (২২) নেত্রকোণা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং পৌরসভার বাহির চাপড়া এলাকার জজ মিয়ার ছেলে।
নেত্রকোণা সদর মডেল থানার এসআই এমদাদুল হক জানান, শনিবার সকালে নেত্রকোণা কোর্ট স্টেশন এলাকায় রুবেলের লাশ পাওয়া যায়।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে খাওয়া-ধাওয়া শেষে নিজের ঘরে পড়াশুনা করছিলেন রুবেল। রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যায়।
পরে সকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় তার লাশ পাওয়া যায়। রুবেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জানান এসআই।
