২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুই আর সুতোয় স্বাভাবিকের ‘সহায়’ প্রতিবন্ধী বুলিনা

প্রতিবন্ধী স্ত্রী-সন্তানকে ঘরে ফেলে উধাও হয়েছিলেন স্বামী; নয় বছর আগে দারিদ্র্য আর অসহায়ত্বের কাছে হার না মেনে জীবনসংগ্রামে নেমে আত্মনির্ভরশীলতার পাশাপাশি আরো কয়েকশ নারীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 12:50 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

যশোরের বেনাপোলের শারীরিক প্রতিবন্ধী বুলিনা খাতুনের গল্প এটি।

২৫-২৬ বছরের বুলিনা ‘যুদ্ধজয়ী’; এক সময়ের ‘সমাজের বোঝা’ বুলিনা এখন ‘জাতীয় অহংকার’।  

গত ১১ মার্চ জাতীয় পর্যায়ে নারী দিবসের সেমিনারে আত্মনির্ভরশীল শ্রেষ্ঠ নারী হিসেবে বুলিনাকে স্বীকৃতি দেয় সরকার। নিজেদের ‘গৌরবের’ প্রতীক হয়ে ওঠা বুলিনাকে শুক্রবার বেনাপোলে পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা।

শত টানাটানির মধ্যে মাত্র ২০০ টাকা পুঁজি নিয়ে চুমকি, পুঁতি দিয়ে সেলাই ও কারুকাজ শুরু করেছিলেন বুলিনা।নিজের দক্ষতা ও মেধা দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার পাঁচশতাধিক নারীকেও আতœনির্ভরশীল হওয়ার সুযোগ করে দিয়েছেন এই প্রতিবন্ধী নারী।

শুক্রবার বেনাপোল গ্রামে বুলিনার বাড়িতে দেখা যায় কর্মব্যস্ততা। নারীরা দল বেঁধে কাজ শিখছেন, বুলিনা বেগম নিজের সব দক্ষতা ঢেলে দিচ্ছেন প্রশিক্ষণে। অনেককে দেখা গেছ তার কারুকাজখচিত শাড়ী, থ্রি-পিস কিনতে। 

সেখানেই কথা হয় বুলিনার সঙ্গে, জানান তার জীবনসংগ্রামের কথা।

দুর্বল হাত-পা নিয়ে জন্ম নেওয়া বুলিনা আর দশজনের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। কখনো হয়ত লাঠি নিয়ে, কখনো কারো কাঁধে ভর করে হাঁটাচলা করতে হয়। একটি হাতও দুর্বল। 

শারীরিক বাধা সত্ত্বেও মা মরিয়ম বেগম আর বাবা হাবিবুর রহমান ১১ বছর আগে পাশের গয়ড়া গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে বুলিনার বিয়ে দিয়েছিলেন। বছর ঘুরতেই তার কোলজুড়ে আসে ছেলে সন্তান। কিন্তু ছেলেটিও হয় তার মতো শারীরিক প্রতিবন্ধী, হাত-পা বাঁকা ও দুর্বল।

একে অভাবের সংসার, তার ওপর প্রতিবন্ধী স্ত্রী-সন্তান, হয়তো বোঝা মনে করেই উধাও হন নাসির।

শারীরিক প্রতিবন্ধী একমাত্র ছেলেকে নিয়ে শুরু হয় বুলিনার সংগ্রাম।জীবন বাঁচানোর লড়াইয়ে তার একমাত্র হাতিয়ার ছিল দুই হাত।

আগে থেকেই সেলাইয়ের কাজে ছিলেন পটু। এবার নিজেকে আত্মনির্ভরশীল করতে সেই দক্ষতার সঙ্গে শ্রম আর মেধাকে কাজে লাগান।

নিপুণ হাতের চুমকি, রাবার আর পুঁতির কারুকার্য খচিত নানা নকশার ব্লাউজ, শাড়ী, থ্রি-পিস, ভ্যানিটিব্যাগসহ নানা পরিধেয় ও ব্যবহার্য্য পণ্য আসতে থাকে তার কাছ থেকে।

তার একাগ্রতা দেখে সহায়তার হাত বাড়িয়ে দেয় বেনাপোল পৌরসভা। পৌরসভার নারী প্রশিক্ষণ কেন্দ্র ‘পৌরনারী কর্নার’ থেকে প্রশিক্ষণ নিয়ে আরো দক্ষ হয়ে ওঠেন বুলিনা।

তার হাতের কাজ দেখে আশপাশের নারীরাও কাজ শিখতে আগ্রহী হয়ে ওঠেন। শুরু হয় বুলিনার সাফল্যের দ্বিতীয় ধাপ। নিজে কাজ করার পাশাপাশি অন্য নারীদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, যাদের অনেকেই এখন স্বাবলম্বী। 

বুলিনা খাতুন বলেন, “রুগ্ন শরীর নিয়ে বাড়িতে বসেই কাজ শিখেছি। নিজের হাতে তৈরি করেছি বিভিন্ন ধরনের পোশাক। পাঁচ শতাধিক নারীকে শিখিয়েছি সুতা, চুমকি আর বুরুজ শিল্পের কাজ। তাদের অনেকে আজ স্বাবলম্বী হয়েছেন।”

তার কাছে কাজ শিখতে আসা গৃহবধূ লিপি খাতুন বলেন, “বুলিনার কাজ দেখে অভিভূত হয়ে আমি শিখতে এসেছি।”

সেরা আত্মনির্ভরশীল নারীর সম্মান দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বুলিনা।

তার সাফল্যে গর্বিত বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

“প্রতিবন্ধী বুলিনা দেশের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী। সে আমাদের গর্বিত করেছে,” বলেন তিনি।

সরকারের সহায়তা পেলে বুলিনা আরও বড় বড় কাজ করতে পারবে বলে মনে করেন তার বাবা-মা।