ফতুল্লায় বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে গ্যাস রাইজার বিস্ফারণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়ার (২০) মৃত্যু হয়। সোহেল ওই এনজিও অফিসের পিয়ন ছিলেন।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গত রোববারের এই ঘটনায় এ নিয়ে চার জনের মৃত্যু হলো।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লার পঞ্চবটিতে চারতলা ভবনের নিচতলায় এনজিও ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস(এসএসএস)’ এর কার্যালয়ে বিকট শব্দে গ্যাস রাইজারের বিস্ফোরণে সাত জন দগ্ধ হন।
বিস্ফোরণে আতঙ্কিত হয়ে চারতলা ভবনের আবাসিক ফ্ল্যাটের বাসিন্দারা তাড়াহুড়ো করে নামতে গিয়ে শিশু, নারীসহ অন্তত ৩০ জন আহত হন।
গুরুতর অবস্থায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে সোমবার ঢাকা মেডিকেলে ইলেকট্রিক মিস্ত্রী নাসির উদ্দিনের (২৪) মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে ও রাতে মৃত্যু হয় যথাক্রমে আরমান ফেরদৌস (২৮) ও নাসির উদ্দিনের ভাই আসলামের (৩০)।
