২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজনের গরু আরেক বাড়িতে, দ্বন্দ্বে বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রতিবেশীর গরু বাড়িতে আসা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 12:34 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

উপজেলার পারদূর্গাপুর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনায় আমেনা বেগমের (৬০) মৃত্যু হয় বলে আলমডাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান।

আমেনা ওই গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।

ওসি মামুনুর রশিদ জানান, প্রতিবেশী আলম হোসেনের একটি গরু আমেনা বেগমের বাড়িতে যাওয়া নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুই পরিবারের মধ্যে হট্টগোল বাঁধে। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

গোলযোগের এক পর্যায়ে আমেনা অসুস্থ হয়ে পড়লে তাকে আলমডাঙ্গার হারদী হাসপাতালে নেওয়া হয়। বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করা হয়।

সেখানে পৌঁছানোর আগেই আমেনা বেগমের মৃত্যু হয় বলে ওসি মামুন জানান।

শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হট্টগোলের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ আমেনার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি জিডি হয়েছে।