চট্টগ্রামে ইমন হত্যাকাণ্ড: আরও একজন গ্রেপ্তার
চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইয়াছিন আরাফাত ইমন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে দেওয়ান বাজার এলাকা থেকে ইয়াছিন আরাফাত ওরফে সোহাগ (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পরে মহানগর হাকিম নূর-ই-আলম ভূঁইয়ার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত বছরের ৪ মে নগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র ইয়াছিন আরাফাত ইমন।
পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল হোসেন রানার নেতৃত্বে একদল যুবক দেওয়ান বাজার এলাকায় ছিনতাই করতে গেলে ইমনসহ অন্যরা তাদের ধাওয়া দেয়। এর জের ধরে পরে তাদের হামলায় ইমন গুলিবিদ্ধ এবং অন্য আরেকজন আহত হন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় সোহাগের নাম না থাকলেও বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতে তার নাম এসেছে।
ওই ঘটনায় এ পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
