২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: এক আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় এক আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 06:17 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

বুধবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানা আসামি মহিবুর রহমানের মালামাল ক্রোকের এ আদেশ দেন।

অভিযোগপত্রে বাবার নাম ভুল থাকায় এর আগে এ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া যায়নি।

মামলার বাদীপক্ষের আইনজীবী আলমগীর ভূইয়া বাবুল জানান,  আসামি মহিবুর রহমানের পিতা রফিক এর জায়গায় শরীফ লেখা হওয়ায় তা সংশোধন করে জমা দেওয়ার জন্য গত ২৮ ফেব্রুয়ারি এ বিচারক তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা সিআইডি সিলেট অঞ্চলের সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল বুধবার সংশোধন করা এ অভিযোগপত্র করে দাখিল করেন।

এদিকে হরতালে নিরাপত্তার কারণ দেখিয়ে আসামি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি।

অ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল আরও জানান, সকল পলাতক আসামির মালামাল ক্রোক কার্যকর হওয়ার পর পত্রিকায় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে মামলাটি বিচারের জন্য সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, স্থানীয় আওয়ামী লীগকর্মী ছিদ্দিক আলী, আবদুর রহিম ও আবুল হোসেন।

এছাড়া হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাংসদ মো. আবু জাহির, অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক, আবদুল্লাহ সর্দারসহ আহত হন ৭০ আওয়ামী লীগ নেতাকর্মী।

এ ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

প্রথম দুদফা অভিযোগপত্রে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ৩৫ জনের নামে তৃতীয় দফা সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি।