রাজশাহীতে আদালতে বোমা বিস্ফোরণ
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে রাজশাহীতে আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আদালত চলাকালীন জেলা ও দায়রা জজ আদালত ভবনের পাশে ফাঁকা স্থানে বোমাটি বিস্ফোরিত হয়।
এতে আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে হরতাল-অবরোধ সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটিয়েছে।
রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী বলেন, আইনশৃংখলা বাহিনীর অবহেলার কারণে দুর্বৃত্তরা আদালত চত্বরে বোমা বিস্ফোরণের সুযোগ পেয়েছে।
আদালতের নিরাপত্তা বৃদ্ধি ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
