ইসলামী ফ্রন্টের মতিন চট্টগ্রামে মেয়র প্রার্থী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সুন্নি নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সুন্নি নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্তমান মেয়র এম মঞ্জুর আলম নির্বাচন করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
ইসলামী ফ্রন্টের নেতা মতিন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টের ট্রাস্টি এবং আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্রধান সমন্বয়কারী।
তার প্রার্থিতা ঘোষণা করে সংবাদ সম্মেলনে সুন্নি নাগরিক ঐক্য পরিষদের সদস্য সচিব কাউছার হামিদ বলেন, চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার অন্যতম প্রধান কারণ সঠিক, যোগ্য, দক্ষ ও সৎ নেতৃত্বের অভাব।
“অতীতে দুই প্রধান রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি, পরিবারতন্ত্রের প্রতি সীমাহীন আনুগত্য ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে চট্টগ্রামের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এজন্য আমরা একজন ধর্মপরায়ণ, সৎ, দক্ষ ও যোগ্য নাগরিককে মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।”
মতিন ১৯৮০ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গঠনে ভূমিকা রাখেন। ১৯৯০ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইসলামী ফ্রন্টেরও তিনি প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন।
মতিন বলেন, ইতোপূর্বে নির্বাচিতদের কাছে নগরবাসী যে সেবা পাওয়ার কখা ছিল তা তারা পায়নি। কারণ রাজনীতি এখন রাজপরিবার, জমিদার আর বড়লোকের হাতে জিম্মি।
“সাধারণ মানুষের জীবন দেখার সুযোগ তাদের নেই। তৃণমূলের বেদনা তারা জানে না বলে প্রতিকারও করতে পারে না। আমি মানুষের সাথে থেকে তাদের কষ্ট লাঘব করতে চাই।”
সংবাদ সম্মেলনে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, ঐক্য পরিষদ নেতা সোলয়ামান চৌধুরী, তায়েবুল ইসলাম ও আবুল হোসেন উপস্থিত ছিলেন।
