২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট উত্তরণে সরকার কথা বলবে: আশা ডেনমার্কের

বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেনমার্কের সফররত বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী মোনস ইয়েনসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 01:42 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

সংকট থেকে উত্তরণে সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার হেয়ার রোডের বাসায় সাক্ষাতের পর ডেনিশ মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সবাই উদ্বিগ্ন। দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সে উদ্বেগ ডেনমার্কেরও আছে।

“তবে সরকারের ওপর আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, এই সংকট কাটিয়ে উঠতে সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে।”

এক প্রশ্নের জবাবে মোনস জানান, রাজনৈতিক অস্থিরতা থাকলেও ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন না।

বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়টি স্বীকার করে অর্থমন্ত্রী মুহিত বলেন, “হ্যাঁ, এসব (রাজনৈতিক পরিস্থিতি) নিয়ে কথা হয়েছে। তারা তাদের কথা বলেছে। আমিও তাদের বলেছি।

“এই অবরোধ-হরতালের কোনো কার্যকারিতা নেই। অর্থনীতির যারা চালক (ইকোনোমিক অ্যাক্টর) তারা নিজস্ব স্টাইল বের করে নিয়েছে, কীভাবে কাজ করতে হবে। সরকার তাদের সহযোগিতা করছে।”

“খালেদা জিয়া যা করছেন, তা ননসেন্স” বলেন অর্থমন্ত্রী। 

তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকা আসেন মোনস।

সফরে তিনি যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্প দেখার পাশাপাশি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে ডেনমার্ক ৬০০ কোটি টাকা সহায়তা দেবে বলে জানান মুহিত।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ চলছে। অবরোধের সঙ্গে হরতালও আহ্বান করছে তারা।

হরতাল-অবরোধে নাশকতায় শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার গাড়ি পোড়ানো হয়েছে, পণ্য পরিবহনও বিঘ্নিত হচ্ছে।

ওয়াশিংটন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ এ মুহিত বৈঠকে উপস্থিত ছিলেন।