২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পুড়ল ১৩ ঘর, রবিশস্য পুড়ে ছাই

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১৩টি ঘর পুড়ে গেছে, রবিশষ্য পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 01:06 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রাজনগর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, রাতে ওই গ্রামের সিরাজ মুন্সীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে দুই ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই সিরাজ মুন্সী, হালান মুন্সী, হারুন মুন্সী, নুর ইসলাম মুন্সী, আউয়াল মুন্সী, বাবু মুন্সী, ইয়াছিন মুন্সী, আবু কালাম মুন্সী, সোহেল মুন্সী, লাবলু সুলতানসহ ১৩ জনের ঘর পুড়ে যায়।

আলী আকবর জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষিকাজে জড়িত। ওই এলাকায় রবিশস্য উৎপাদন হয় বেশি। আগুনে ঘরের আসবাবপত্র ও কৃষকদের জমিয়ে রাখা ধান চাল, পিঁয়াজ রসুন, সরিষা, কলাইয়ের মতো বিভিন্ন রবিশস্য পুড়ে ছাই হয়ে গেছে।

হারুন মুন্সী বলেন, “আমাদের ঘরবাড়ি মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন কীভাবে বাঁচব।”

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল সোহান জানান, আগুনে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

ইউএনও মনিরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠাব। অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা নেওয়া হবে।”