সোহরাওয়ার্দী উদ্যান থেকে ১৮টি হাতবোমা উদ্ধার
বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি ঝোপের ভেতর থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার গভীর রাতে তিন নেতার মাজার এলাকায় হাতবোমাগুলো পাওয়া যায় বলে র্যাব ৩ এর অপারেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে একটি বটগাছের নিচে ঝোপের মধ্যে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় বোমাগুলো পাওয়া যায়।”
কে বা কারা হাতবোমাগুলো রেখেছিল তা নিশ্চিত হতে পারেননি র্যাব কর্মকর্তারা।
তবে অবরোধ-হরতালে নাশকতা চালাতে এগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা তাদের।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধ ও দফায় দফায় হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকার বিভিন্ন স্থানে হাতবোমা পাওয়া গেছে। কোথাও কোথাও হাতবোমার বিস্ফোরণও ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।
গত ১৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সুবহানের রায় ঘোষণার দিন ট্রাইব্যুনাল ও তিন নেতার মাজারের কয়েকশ গজ দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মধ্যেই কলা ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
এর এক সপ্তাহ পর ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ভেতরেই ইতিহাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঝামাঝি এলাকায় ফাঁকা জায়গায় বোমাবাজির ঘটনা ঘটে।
