২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৬

গাজীপুর, ঢাকা ও মুন্সীগঞ্জে দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

এরমধ্যে টঙ্গীতে ১৯২০টি ইয়াবা ট্যাবলেট, ৩১৫ গ্রাম হেরোইন,  মাদক বিক্রির ২লাখ ৯৮ হাজার ২০৫ টাকা ও ৯টি মোবাইল ফোন সেটসহ আটক হন দুই নারী।

এছাড়া গাজীপুর নগরীর পূবাইল থেকে ১০টি ইয়াবাসহ আটক করা হয় আরও দুই ব্যক্তিকে।

দোহারে ১০০টি ইয়াবাসহ আটক করা হয় এক ব্যক্তিকে। সিরাজদিখানে ১৭টি ইয়াবাসহ আটক হন আরেকজন।

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান জানান, টঙ্গীর মাজার বস্তি এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন  খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়।

ওই সময় ১৯২০টি ইয়াবা ট্যাবলেট, ৩১৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ২ লাখ ৯৮ হাজার ২০৫ টাকা এবং ৯টি মোবাইল সেটসহ ওই দুই নারীকে আটক করা হয়।

বিকালে তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।

আটকদের একজনের (৩০) বাড়ি কুমিল্লার মুরাদনগরে এবং অপরজনের (৫৫) বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়।

দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. একরামুল হক জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল শুটিং স্পটে দুপুর পৌনে ১টার দিকে উত্তম (২৫) ও রফিক (২০) নামের  দুই যুবককে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে বলে জানান একরামুল।

ঢাকার দোহার থানার এসআই মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে উপজেলার পল্লীবাজার এলাকা থেকে ১০০টি ইয়াবাসহ কামরুল ইসরামকে আটক করা হয়।

কামরুল উপজেলার মধুরখোলা গ্রামের হযরত আলীর ছেলে।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, কামরুল একজন ইয়াবা বিক্রেতা।

এ ঘটনায় দোহার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

সিরাজদিখানে ১৭টি ইয়াবাসহ আটক হন শাহীন শেখ (১৯) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার শেখর নগর ইউনিয়নের দক্ষিণ হাটির প্রয়াত আদম আলীর ছেলে।

সিরাজদিখান থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে বাইতুননুর জামে মসজিদের পিছন থেকে শাহীন শেখকে আটক করা হয়।

এ সময় তার সহযোগী মাইনুল হোসেন সজীব পালিয়ে যায়। পরে শাহীনের শরীর তল্লাশি করে ১৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই মোজাম্মেল আরও জানান, এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে।