ময়মনসিংহে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে নিহত ১
ময়মনসিংহ সদরের অষ্টধার ইউনিয়নে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক ও অর্ধশত টেঁটা উদ্ধার করেছে।
নিহত আনোয়ার হোসেন অষ্টধার ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা। ব্রহ্মপুত্র নদ থেকে বালু তোলা নিয়ে জাফরকান্দা গ্রামের আবদুল মতিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, পুরনো বিরোধের জের ধরে সোমবার মধ্যরাতে মতিনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে পাণ্ডাপাড়া এলাকায় হামলা চালালে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
হামলায় আহত আনোয়ারের ভাই হাসেন আলী ও খাইরুলকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত টেঁটাসহ জাফরকান্দা গ্রামের আবুল মিয়া (৪৫), আব্দুল খালেক (২২), আজিজুল হক (৫০) ও সামছুল হককে (৬২) আটক করেছে। কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।
নিহত আনোয়ারের বড় ভাই তাজুল ইসলাম বলেন, “বালু উত্তোলন নিয়ে পাঁচ বছর আগে সিয়াম নামে এক যুবক খুন হয়েছিল। ওই খুনের বদলা নিতেই মতিন গ্রুপ আনোয়ারকে খুন করেছে।”
