২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসায় কেরি

সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা যে কার্যক্রম ও দায়িত্ব পালন করছে, তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 11:38 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিষয়টি তুলে ধরেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন।

গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন সফর করেন। তখন জন কেরির সঙ্গে তার বৈঠক হয়েছিল।

জন কেরির সঙ্গে আলোচনার সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল, তা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টায় অনেকটা স্তিমিত হয়ে এসেছে।

“জন কেরিও এটার প্রশংসা করেছেন যে সন্ত্রাস মোকাবেলায় আমাদের আইন প্রয়োগকারী সংস্থার যে কার্যক্রম, দায়িত্ব পালন করছে তা প্রশংসনীয়।”

সন্ত্রাসবাদ মোকাবেলায় যে কোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র সমর্থন এটা দিয়ে যাবে বলে মাহমুদ আলীকে জানিয়েছেন কেরি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন যে, গণতন্ত্রে সন্ত্রাস বা চরমপন্থার কোনো সুযোগ নেই। জন কেরিও বলেছেন, আমেরিকা কখনও রাজনৈতিক কৌশল হিসেবে সন্ত্রাস বা জঙ্গিবাদকে সমর্থন করে না।”

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, জন কেরি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন তার প্রেসিডেন্ট বারাক ওবামাও তা চাচ্ছেন।